স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর, ২০২২, 10:45 AM
সাকিবের বিদায়ের পর শান্তর ‘প্রথম’ হাফ সেঞ্চুরি
সৌম্য-লিটনের বিদায়ের পর দল যখন চাপে তখন রানের চাকা সচল রাখে সাকিব-শান্ত জুটি। এই জুটি থেকে আসে ৫৪ রান। তবে আশা জাগিয়েই ফিরেন বাংলাদেশের অধিনায়ক। ১৩তম ওভারে পঞ্চম বলে বাঁহাতি স্পিনার শন উইলিয়ামসকে তুলে মারতে গিয়ে খাড়া ওপরে তুলেছিলেন সাকিব, মিডঅনে ধরা পড়ে ফিরতে হয়েছে টাইগার কাপ্তানকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘতম ক্যারিয়ারের মালিক যৌথভাবে দুজন, আজ একজনের বলে ফিরলেন আরেকজ।
সাকিব ফিরে গেলেও মাঠে আছেন শান্ত। ৪৫ বলে ৫ চারে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান। ঐতিহাসিক গ্যাবায় রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল নয়টায় শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে টি-স্পের্টাস ও গাজী টিভিতে। আজ বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। আগের ম্যাচে ইয়াসির আলীর জায়গায় খেলানো হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এবার মিরাজের জায়গাতেই ফিরলেন ইয়াসির। জিম্বাবুয়ে দলেও আছে একটি পরিবর্তন। টেন্ডাই চাতারাকে জায়গা করে দিয়েছেন লুক জঙ্গুয়ে।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।