তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১
আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর, ২০২৬, 11:12 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর, ২০২৬, 11:12 AM
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে এক রিয়েল এস্টেট এজেন্টকে গ্রেফতার করেছে এফবিআই। ক্যালিফোর্নিয়ার আর্ভাইন শহরের বাসিন্দা ওয়ানিং ‘হেদার’ ঝাং নামে এই নারীকে সাংহাইগামী একটি বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে আটক করা হয়।
এই নারী তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে লাই তিং-ইউ এবং তাঁর পরিবারের ওপর নজরদারি চালাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি চীন সরকারের নিবন্ধিত এজেন্ট না হয়েও অবৈধভাবে গুপ্তচরবৃত্তি করছিলেন।
জানা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ৩৪ বছর বয়সী ঝাং এবং তার একজন সহযোগী নেভাদা থেকে সিয়াটলে ভ্রমণ করেন। সেখানে তারা প্রেসিডেন্ট লাই-এর ছেলের বেসামরিক বাসভবনের সামনে গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তোলেন এবং পরিবারের সদস্যদের ভিডিও রেকর্ড করেন।
পরবর্তীতে উইচ্যাট অ্যাপের মাধ্যমে এই সংবেদনশীল তথ্য চীনের সরকারি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। তদন্তকারীরা ঝাঙের আইক্লাউড অ্যাকাউন্ট থেকে চীনা হ্যান্ডলারের সঙ্গে কথোপকথনের প্রমাণ খুঁজে পান। এছাড়া তাঁর এক প্রতিবেশীর বাড়ির সিকিউরিটি ক্যামেরার ফুটেজেও ঝাঙের সন্দেহজনক রেকর্ডিং করার দৃশ্য ধরা পড়েছিল।
এফবিআই-এর স্পেশাল এজেন্টদের তথ্য অনুযায়ী, তাইওয়ানের সঙ্গে কোনো সম্ভাব্য সংঘাতের পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্টের ওপর রাজনৈতিক বা কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে এই ব্যক্তিগত তথ্যগুলো সংগ্রহ করছিল বেইজিং।
তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল অফিসের মুখপাত্র কারেন কুও এই ঘটনাকে ‘বর্বর আচরণ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে তাইওয়ানের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। সূত্র : এএনআই।