সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
০৩ নভেম্বর, ২০২৬, 4:05 PM
NL24 News
০৩ নভেম্বর, ২০২৬, 4:05 PM
সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
ফয়জুল ইসলামঃ সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে সোমবার (২ নভেম্বর) দুপুর ও রাতে সাভার মডেল থানাধীন আমিনবাজার ও সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে আমিনবাজার এলাকায় অভিযান চালান এসআই মোঃ আবদুর রাশেদ মিয়া। এ সময় ৪২ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম রবিন (৪০) ও আমানুল্লাহ আমান ওরফে আনিছকে (৩০) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১০টা ১০ মিনিটের দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আবু বক্কর সিদ্দীক (২৩) নামে আরেকজনকে গ্রেপ্তার করেন এসআই মোঃ মনির হোসেন ও তাঁর সহযোগী পুলিশ সদস্যরা।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম রবিনের বিরুদ্ধে দুটি এবং আমানুল্লাহ আমান ওরফে আনিছের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।