ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিপিএল না খেলার সিদ্ধান্ত মিরাজের

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২২,  3:45 PM

news image

চলমান বিপিএলের মাঝপথে হঠাৎ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব হারিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তার পরিবর্তে নাঈম ইসলামের হাতে নেতৃত্বভার তুলে দিয়েছে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি মিরাজ। আকস্মিকভাবে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় চটেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। এতে করে বিপিএলের বাকি অংশে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গেছে, চট্টগ্রাম থেকে আজ রবিবারই (৩০ জানুয়ারি) ঢাকায় ফিরছেন মিরাজ। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজ নিজেই। সেই সঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘আমাকে অধিনায়কত্ব থেকে কেন সরাল কিছুই বুঝলাম না।

দল আমার আন্ডারে রেজাল্ট পেল। আমি নিজেও পারফর্ম করেছি। বাকিরাও স্বাচ্ছন্দ্যে আছে। দল খুশি। কোচিং ম্যানেজমেন্ট খুশি। তাহলে কেন কিছু না বলেই এমন সিদ্ধান্ত।’ জাতীয় দলের ক্রিকেটার হওয়া সত্ত্বেও তার সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে বলে দাবি মিরাজের। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের হয়ে খেলা মানসিকভাবে বেশ কঠিন। সে কারণেই আসরের বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মিরাজ বলেন, ‘দুদিন পর তো পারফর্ম করলেও আমাকে দলে রাখা হবে না। এটা তো স্রেফ অপমান। আমি এখনো জাতীয় দলের ক্রিকেটার। দলের মালিক হয়েছে বলেই যা ইচ্ছে তা করতে পারে না। এখানে আমাদের নিজেদেরও চ্যালেঞ্জ থাকে। আমাকে সবার থেকে সেরা হতে হবে। জাতীয় টি-টুয়েন্টি দলে আবার ব্যাক করতে হবে। সেভাবেই আমার মানসিকতা ঠিক থাকতে হবে। কিন্তু এমন পরিবেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন।' এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছিল, কোচ পল নিক্সনের পরামর্শে অধিনায়কত্বে রদবদল করা হয়েছে। মূলত মিরাজকে চাপমুক্ত রেখে তার থেকে সেরাটা বের করে আনতেই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে মিরাজের পরিবর্তে চট্টগ্রামের অধিনায়কত্ব করেন নাঈম। এর আগে, গতকাল দুপুর ১২টার দিকে মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন দলের ম্যানেজার ফাহিম মুনতাসির। এটা শুনে আকাশ থেকে পড়েন মিরাজ, সে সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান তিনি। শুধু মিরাজ নন, হঠাৎ অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্তে অবাক হয়েছেন দলের অন্য ক্রিকেটাররাও। পাঁচ ম্যাচে তিন জয়ে চট্টগ্রামই এখন বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে। দল যখন ভালো করছে, তখন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত, বুঝতে পারছেন না কেউই। এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি দলের ম্যানেজার ফাহিম মুনতাসির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম