ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

লিভারপুলের মাঠে বিধ্বস্ত ম্যানইউ

#

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬,  11:14 AM

news image

কোচ বদলালেও ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্ভাগ্য বদলায়নি। রবিবার অ্যানফিল্ড স্টেডিয়ামে মাউরিসিও পচেত্তিনোকে দুঃস্বপ্নের শুরু উপহার দিলো লিভারপুল। ম্যানচেস্টার ক্লাবকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে অলরেডরা। ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে তারা। এই দাপুটে জয়ে গত মৌসুমে লিগে জোড়া হারের প্রতিশোধও নিল স্বাগতিকরা।


ম্যাচের অষ্টম মিনিটেই বড় ধাক্কা খায় ইউনাইটেড। গোলরক্ষককে একা পেয়ে যাওয়া আলেকসান্দের ইসাককে ডি-বক্সের বাইরে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লেনি ইয়েরো। একজন কম নিয়ে খেলার ধাক্কা সামলে ওঠার আগেই পরের পাঁচ মিনিটের মধ্যে দুই গোল হজম করে সফরকারীরা।


চমৎকার এক ফ্রি-কিকে লিভারপুলকে এগিয়ে নেন দমিনিক সোবোসলাই। ওই রেশ কাটতে না কাটতেই বাঁ দিক থেকে রিও নুগোমোহার কাটব্যাকে নিখুঁত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোহিয়ান ভির্টজ।


রক্ষণ সামলাতে ২২তম মিনিটে ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোকে তুলে হ্যারি ম্যাগুইয়ারকে নামান পচেত্তিনো। তবে লিভারপুলের আক্রমণের তোড় থামেনি। পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি বল দখলে রেখে ২৮টি শট নেয় আন্দোনি ইরাওলার দল, যার ১১টি ছিল লক্ষ্যে।


গোলরক্ষক সানা লমেন্স কয়েকটি দারুণ সেভ করলেও ৬৬তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি। ব্র্যাডলি বারকোলার পাস ধরে নিখুঁত শটে আসরে নিজের প্রথম গোলটি করেন নুগোমোহা। ১৮ বছর ৮৫ দিন বয়সে ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার কীর্তিও গড়েন এই তরুণ।


৮২তম মিনিটে ভিয়েৎসের থ্রু বল ধরে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন বদলি নামা স্প্যানিশ উইঙ্গার ভিক্তর মুনিয়োস। শেষ দিকে ব্রুনো ফের্নান্দসের শট আলিসন ঠেকিয়ে দিলে সান্ত্বনার গোলও পাওয়া হয়নি সফরকারীদের।


এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে লিভারপুল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, ২২ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ব্রাইটন ও ম্যানচেস্টার সিটি।


অন্যদিকে, গত ৩০ অগাস্টের পর থেকে টানা ৯ ম্যাচ জয়হীন থাকা ইউনাইটেড পঞ্চম হারে ৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৯ নম্বরে। ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরুর লজ্জা আরও দীর্ঘ হলো দলটির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম