ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৬,  4:33 PM

news image

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে আটটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা নির্ধারণে নতুন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ইতোমধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং ভবিষ্যতে নিয়োগ পাবেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এসব সিদ্ধান্ত প্রযোজ্য হবে।


রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম।


প্রজ্ঞাপনে থাকা আটটি সিদ্ধান্ত হলো-

১. পুরোনো চুক্তির ক্ষেত্রে নতুন বেতন স্কেল: ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের চুক্তি সংশোধন সাপেক্ষে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ১ জুলাই থেকে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী বেতন কার্যকর হবে। নির্ধারিত বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন ও চুক্তিতে প্রযোজ্য ভাতা পাবেন তারা।


২. নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ: ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক পদে নিয়োজিত হয়েছেন বা হবেন, এমন ব্যক্তিদের অবসরের অব্যবহিত আগে প্রাপ্য মূল বেতনের গ্রেড ও ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন স্কেলে বেতন নির্ধারণ করা হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে চুক্তিতে নির্ধারিত বেতন কার্যকর হবে।


৩. পেনশন বাদ দিয়ে বেতন নির্ধারণ নয়: চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে নির্ধারিত গ্রস পেনশন—কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক এবং বিশেষ অতিরিক্ত পেনশন, যদি থাকে, বাদ দেওয়া হবে না।


৪. চুক্তির মেয়াদে ইনক্রিমেন্ট ও অতিরিক্ত সুবিধা নেই: চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না।


৫. অবসরপ্রাপ্ত নন এমন ব্যক্তিদের শর্ত নির্ধারণ: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতা ও অন্যান্য শর্ত প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও গুণাগুণ বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে নির্ধারণ করা হবে। এরপর সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করা হবে।


৬. আগের অসংগতিপূর্ণ নির্দেশনা বাতিল: নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক আগের সব আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের নির্দেশনা বহাল থাকবে।


৭. পরবর্তী সরকারি আদেশ কার্যকর হবে: বেতন-ভাতা বিষয়ে এ প্রজ্ঞাপনে যা বলা হয়েছে, তা সত্ত্বেও চুক্তি অনুযায়ী প্রদেয় বেতন ও ভাতার ক্ষেত্রে সরকার পরবর্তী সময়ে যেসব আদেশ জারি করবে, সেগুলো প্রযোজ্য হবে।


৮. ২০১৬ সালের প্রজ্ঞাপন বাতিল: অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্তগুলো গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন বেতন স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান অনুসরণ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি সংশোধন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম