ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা

#

স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট, ২০২৬,  11:27 AM

news image

মাত্র চার দিনের ব্যবধানে দুই ম্যাচে মাঠে লুটিয়ে পড়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা। সর্বশেষ মঙ্গলবার রাতে হাইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পরই হঠাৎ মাটিতে পড়ে যান ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার।


মুসিয়ালাকে পড়ে যেতে দেখে দ্রুত মাঠে ছুটে যান মেডিকেল দলের সদস্যরা। প্রাথমিক চিকিৎসার সময় উদ্বিগ্ন হয়ে দুই দলের খেলোয়াড়রাও তাকে ঘিরে দাঁড়ান। পরে চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় বায়ার্নের এই তারকাকে।


এর মাত্র কয়েক দিন আগেই আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ চলাকালে একইভাবে মাঠে পড়ে গিয়েছিলেন মুসিয়ালা। সেই ঘটনার পর ইউরোতে ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠে অচেতন হয়ে পড়ার স্মৃতিও মনে করিয়ে দিয়েছিল অনেককে।


জার্মান সংবাদ সংস্থা ডিপিএর প্রতিবেদনে বলা হয়েছে, লাইপজিগের বিপক্ষে ম্যাচে পড়ে যাওয়ার পর মুসিয়ালা নিজেই হেঁটে মাঠ ছাড়েন। তবে তখন তাকে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছিল।


পরপর দুই ম্যাচে মাঠে পড়ে যাওয়ার ঘটনায় মুসিয়ালার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হলে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি।


ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় মুসিয়ালা জানান, তার স্নায়বিক সমস্যার কারণে সাময়িক ‘অ্যাবসেন্স সিজার’ শনাক্ত হয়েছে। এটি এক ধরনের খিঁচুনি, তবে চিকিৎসকদের মতে সহজে নিয়ন্ত্রণযোগ্য।


মুসিয়ালা বলেন, লাইপজিগ ও হাইডেনহাইমের বিপক্ষে ম্যাচে মাঠে পড়ে যাওয়ার পেছনে এই স্নায়বিক সমস্যাই দায়ী। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, এ কারণে তার স্বাস্থ্যে অন্য কোনো বাড়তি ঝুঁকি নেই।


বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি পরিস্থিতি মোকাবিলা করছেন বলেও জানান মুসিয়ালা।শারীরিক সমস্যার মধ্যেও স্বাভাবিক জীবনযাপন এবং ফুটবল খেলা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন বায়ার্নের এই তরুণ তারকা।


মুসিয়ালা জানান, স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তিনি। পাশাপাশি স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন এবং ফুটবলের প্রতি নিজের ভালোবাসা ধরে রাখাকেই সামনে এগিয়ে যাওয়ার পথ হিসেবে দেখছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম