গজারিয়ায় টিনবোঝাই ট্রাক খাদে
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, 11:33 AM
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, 11:33 AM
গজারিয়ায় টিনবোঝাই ট্রাক খাদে
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিনবোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে আটকে থাকা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৩টা ৩৫ মিনিটের দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাকচালক মো. মিন্টু মণ্ডল (৪৫) ও হেলপার মো. ফয়সাল (২৫)। তাদের দুজনের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি এলাকায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, চট্টগ্রাম থেকে টিনবোঝাই করে যশোরের উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি।
পথে বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকে পড়েন।
তিনি আরও জানান, খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে তাদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।