ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

কোরবানির অর্থনীতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৫,  4:50 PM

news image

বিএজেএফ সেমিনারে বক্তারা

দেশে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য সবচেয়ে বেশি নিরাপদ পশু পাওয়া যাবে। এবার কোরবানির অর্থনীতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। চামড়া শিল্পকে রুগ্ন করে রাখা হয়েছিলো দেশের মাদ্রাসাকে ধ্বংস করার জন্য। প্রাণীসম্পদ ও কৃষির উন্নয়নে কৃষি কমিশন গঠন করতে হবে। 

সোমবার (২৬ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত 'দেশীয় পশুতে কোরবানি: পশু ও চামড়া ব্যবস্থাপনায় করণীয়' শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 

বিএজেএফ সভাপতি গোলাম ইফতেখার মাহমুদের সভাপতিত্বে ও বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. বয়জার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, এবার কোরবানির অর্থনীতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কোরবানি আমাদের আবেগ ও ধর্মীয় অনুভূতির বিষয়। 

প্রান্তিক খামারীদের ঘুরে দাঁড়ানোর কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, নতুন করে ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় খামারিরা। আমি রাজশাহীতে গিয়ে অবাক হয়েছি। তারা বলছে, পশু উদ্বৃত্ত রয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্থানীয়ভাবে গরু-ছাগল পালনের আগ্রহ বেড়েছে। সময় বদলে যাওয়ায় এখন বাড়ি বাড়ি গরু-ছাগল পালন করছেন নারী খামারি ও উদ্যোক্তারা। এখন কোরবানিতে বাইরের দেশের ওপর নির্ভরতা নেই বললেই চলে। 

চামড়া শিল্পে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবার কাঁচা চামড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে লবণ বিতরণের ঘোষণা দিয়েছে। কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রয়োজনে কাঁচা চামড়া সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে।

তাবিথ আউয়াল বলেন, প্রাণিসম্পদে সাপ্লাই চেইনে নজর দিতে হবে। অতীতে এ খাতের কী ক্ষতি হয়েছে তা আমরা সবাই জানি। এখন এই খাতকে এগিয়ে নিতে কি করতে হবে তা আমাদের ভাবতে হবে। বাংলাদেশ বর্তমানে মাংস রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেতে পারে। পাশাপাশি দুধ উৎপাদনেও নজর দিতে হবে। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ইসলাম ধর্মে প্রাণীর যে আধ্যাত্মিক মর্যাদা দেওয়া হয়েছে সেই মর্যাদা অন্য কোন ধর্মে দেওয়া হয়নি। এমন কোন প্রাণী কোরবানি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না; যে প্রাণী অসুস্থ। চামড়ার দাম কমিয়ে রাখা হয়েছিল মাদ্রাসা গুলোকে ধ্বংস করার জন্য। এটি করা হয়েছিল পরিকল্পিতভাবে, যাতে মাদ্রাসাগুলো দুর্বল হয়ে পড়ে। 

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ( উৎপাদন) ড. এবিএম খালেদুজ্জামান ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) পরিচালক ডা. মো. জসিম উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পজেটিভ বায়োটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফায়জুর রহমান, ডব্লিউএম এন্টারপ্রাইজের দক্ষিণ এশিয়া প্রতিনিধি খন্দকার আমিনুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম