ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত

#

০৪ এপ্রিল, ২০২৪,  3:21 PM

news image

-রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি

বান্দরবানের রুমা ও থানচিতে ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে কোনও ধরনের সংলাপ ও আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা। তিনি বলেন, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ২০২৩ সালের ২৯ মে বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের উপস্থিতিতে অরুণ সারকী টাউন হলে মতবিনিময় সভা করা হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৯ জুন স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ১৮ সদস্য বিশিষ্ট একটি শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠিত হয়। পরে শান্তি প্রতিষ্ঠা কমিটি ও কেএনএফের মধ্যে কয়েক দফা ভার্চ্যুয়াল সভার পর উভয়পক্ষের মতামতের ভিত্তিতে সরাসরি সংলাপে বসার সুযোগ সৃষ্টি হয়। ২০২৩ সালের ৫ নভেম্বর এবং পরে ২০২৪ সালের ৫ মার্চ দুই দফা সরাসরি সংলাপ অনুষ্ঠিত হয়। উভয় সংলাপে কেএনএফের সশস্ত্র কার্যক্রম থেকে বিরত থাকা ও অন্যান্য বিষয় সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সম্পাদন হয়। কিন্তু তারা সম্পূর্ণভাবে চুক্তি ভঙ্গ করে বিভিন্ন সময় সশস্ত্র কার্যক্রম চালিয়ে আসছে। কমিটির তরফ থেকে এ বিষয়টির ব্যাপারে বারবার জানানো হলেও তারা কর্ণপাত করেনি। বরং বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর হামলা, চাঁদাবাজি, অপরহণসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত ২ এপ্রিল রুমায় তারাবির নামাজিদের ওপর বর্বরোচিত হামলা, সরকারি কর্মকর্তা ও পথচারীদের জিম্মি করে হামলা, অর্থ লুটের উদ্দেশে সোনালী ব্যাংকে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে নেওয়া এবং ৩ এপ্রিল থানচি উপজেলায় স্থানীয়দের জিম্মি করে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও দুটি ব্যাংক লুট করে কেএনএফ সদস্যরা। এসব অপকর্মের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। কয়েক দফায় চুক্তির শর্ত ভঙ্গ করায় কুকি-চিনের সঙ্গে শান্তি কমিটির সব শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম