ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  12:33 PM

news image

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির মুখেও পড়েছেন তিনি। সম্প্রতি ইতালিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের দ্বারা হেনস্তার অভিযোগও করেন এই অভিনেত্রী।


ইতালির ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিল অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন শক্তি। এরই ধারাবাহিকতায় এবার অভিনেত্রীর বাসায় গিয়ে তার ও পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির।


মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান বাঁধন। ছবিতে অভিনেত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দেখা যায়।


পোস্টে বাঁধন লিখেছেন, মঙ্গলবার তার ও পরিবারের খোঁজ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের বাসায় এসেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রতিমন্ত্রীর আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।


বাঁধন আরও বলেন, কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে। একই সঙ্গে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থাও আরও দৃঢ় হয়েছে বলে জানান তিনি। তার মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম বড় শক্তি হলো জনগণ এবং নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ইতালিতে ঘটে যাওয়া হেনস্তার প্রসঙ্গ তুলে অভিনেত্রী বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালির সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তার ও পরিবারের সদস্যদের খোঁজ নেওয়া এবং মানবিক সহায়তা ও সমর্থনের জন্যও সবাইকে ধন্যবাদ জানান তিনি।


বাঁধন লিখেছেন, সাম্প্রতিক অভিজ্ঞতা তাকে আবারও মনে করিয়ে দিয়েছে যে অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং পারস্পরিক দায়িত্ববোধ। মতের ভিন্নতা থাকলেও নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস করা উচিত নয় বলেও মন্তব্য করেন অভিনেত্রী। তিনি একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


এদিকে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। গত ৭ সেপ্টেম্বর রাতে দেশটির মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে একদল প্রবাসী বাংলাদেশি তাকে হেনস্তা ও হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।


ওই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনের সঙ্গে বাঁধনের উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা যায়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন অভিনেত্রী। পরে ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম