নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৩, 10:38 AM
৬ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে মৌসুমের সর্বনিম্ন অবস্থানে। পাশাপাশি কনকনে ঠাণ্ডা বাতাস ঝাপটা দিয়ে যাচ্ছে। মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে জেলাটি। এ মৌসুমে এত শীত আর পড়েনি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সকাল ৯টায় জেলাটিতে তাপমাত্রা ধারণ করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্যের দেখা মিললেও ঠাণ্ডার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। ভোরে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এছাড়া যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। জেলায় কনকনে ঠাণ্ডা আর হাড়কাঁপানো শীতে খেটে খাওয়া মানুষগুলোর জবুথবু অবস্থা। আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশা আর হিম বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকাল ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আরও কয়েক দিন। আগের দিন বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবার (১০ জানুয়ারি) চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি, ৯ জানুয়ারি ১০ ডিগ্রি, ৮ জানুয়ারি ৭ দশমিক ৮ ডিগ্রি, ৭ জানুয়ারি ৮ দশমিক ৪ ডিগ্রি, ৬ জানুয়ারি ৯ ডিগ্রি সেলসিয়াস।