২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, 1:27 PM
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, 1:27 PM
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল
২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের জন্য এ সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্ডান নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারসংক্রান্ত তথ্যও ওই তারিখকে রমজানের প্রথম দিন হিসেবে নির্দেশ করছে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি রমজানের চাঁদ পর্যবেক্ষণ করা হবে। তবে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি শেষ হতে পারে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ৮ মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং ৯ মার্চ, মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাস নতুন চাঁদ দেখার মাধ্যমে শুরু হয়। তাই জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব সম্ভাব্য সময়সূচি দিলেও সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে রমজান ও ঈদুল ফিতর পালিত হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান শুরু ও ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ এক দিন পরে হতে পারে।