হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট, ২০২৬, 2:48 PM
আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট, ২০২৬, 2:48 PM
হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
কেনিয়ায় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক এবং ইকুয়েডরের গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মিশেল সেনসি-কন্টুজি ও তার স্ত্রী স্টেফানি হলিহান রয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে দেশটির মধ্যাঞ্চলের সামবুরু কাউন্টির মাউন্ট ওলোলোকওয়েতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি লইসাবা ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি থেকে এওয়াসো এনগিরো নদী এলাকার দিকে যাচ্ছিল। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সামবুরু কাউন্টির পুলিশ কমান্ডার ডেভিড এনকোরোই সাংবাদিকদের জানান, হেলিকপ্টারে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন।
বিলাসবহুল পর্যটন সংস্থা ‘অ্যান্ডবিয়ন্ড’-এর অতিথিদের নিয়ে চার্টার ফ্লাইট হিসেবে হেলিকপ্টারটি চলাচল করছিল। হেলিকপ্টারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টারস জানিয়েছে, এটি ছিল একটি ইউরোকপ্টার ইসি-১৩০ বি৪ মডেলের উড়োজাহাজ, যা বর্তমানে এয়ারবাস এইচ১৩০ নামে পরিচিত।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মিশেল সেনসি-কন্টুজি ও তার স্ত্রী ফ্যাশন ডিজাইনার স্টেফানি হলিহান ছিলেন বলে নিশ্চিত করেছে ইকুয়েডর সরকার।
ইকুয়েডরের প্রেসিডেন্টের কার্যালয় সেনসি-কন্টুজির পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেনিয়ায় তাদের কোনো কূটনৈতিক মিশন না থাকায় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইকুয়েডরের দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সেনসি-কন্টুজির মৃত্যু দেশের জন্য একটি বড় ক্ষতি।
স্টেফানি হলিহান ছিলেন ফ্যাশন ব্র্যান্ড ‘সেন্সি স্টুডিও’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নকশা, কারুশিল্প এবং মানুষের প্রতি হলিহানের আগ্রহই ব্র্যান্ডটিকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
নিহতদের মধ্যে মার্কিন স্প্যানিশ ভাষার টেলিভিশন প্রতিষ্ঠান টেলিমুন্ডোর নির্বাহী হোসে সুয়ারেজও ছিলেন। তিনি টেলিমুন্ডোর মালিকানাধীন একাধিক টেলিভিশন স্টেশনের প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর পাঁচ মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এক মুখপাত্র জানান, নাইরোবিতে মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কনস্যুলার সহায়তা দিচ্ছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সামবুরু কাউন্টি কেনিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। দুর্গম পাহাড়ি অঞ্চল, বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা এবং ব্যক্তিমালিকানাধীন ওয়াইল্ডলাইফ কনজারভেন্সির কারণে এই অঞ্চলে পর্যটকদের যাতায়াত রয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধার ও মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়। কেনিয়ান রেড ক্রস জানিয়েছে, দুর্গম ভূখণ্ডের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। পাশাপাশি ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকায় উদ্ধার অভিযান আরও বাধাগ্রস্ত হয়। অভিযান জোরদার করতে ইসিওলো থেকে অতিরিক্ত একটি দল পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত ইউরোকপ্টার ইসি-১৩০ বি৪ একটি এক ইঞ্জিনের হেলিকপ্টার। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৮৬ কিলোমিটার এবং এতে সাধারণত পাঁচ থেকে সাতজন যাত্রী ও একজন পাইলট বহন করা যায়।