হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং
আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬, 10:55 AM
আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬, 10:55 AM
হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং
হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের কাছাকাছি কেনস্কফ এলাকায় ভয়াবহ হামলা ও গণঅপহরণের পর ছয় শিশু ও সাত নারীকে ছেড়ে দিয়েছে একটি সশস্ত্র গ্যাং। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে ৫০ জনের বেশি মানুষকে অপহরণের ঘটনায় এ মুক্তি মিলেছে।
ইউনিসেফের তথ্যমতে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুই বছরের কম বয়সী তিন শিশু, সাত বছরের একটি শিশু এবং দুই কিশোরী রয়েছে। সংস্থাটির হাইতি শাখার উপপ্রতিনিধি ইয়ানিগ দ্যুসার্ট বলেন, সহিংসতার মধ্যে এই মুক্তি কিছুটা আশার আলো দেখালেও এটি দেশের শিশুদের ওপর চলমান হামলার ভয়াবহতারই আরেকটি উদাহরণ।
মুক্তি নিশ্চিত করতে স্থানীয় কমিউনিটি নেতাদের সঙ্গে কাজ করেছে ইউনিসেফ। তবে মুক্তিপ্রাপ্তদের চিকিৎসার প্রয়োজন হয়েছে কি না, কিংবা আরও কেউ এখনও জিম্মি রয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২৩ আগস্ট রাজধানীর নিকটবর্তী কেনস্কফ পাহাড়ি এলাকায় একটি গ্যাং হামলায় অন্তত ৪৭ জন নিহত হয় এবং ৫০ জনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়। সূত্র: সিএনএন