হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তলানিতে
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, 11:08 AM
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, 11:08 AM
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তলানিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচল কমে গেছে। মঙ্গলবার মাত্র তিনটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যা আগের দিনের চারটির চেয়ে কম এবং গত ১০ দিনের গড় প্রায় ১৫টি জাহাজের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
বুধবার প্রকাশিত প্রাথমিক জাহাজ চলাচলের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জাহাজ ট্র্যাকার কেপলার এ তথ্য সরবরাহ করেছে।
কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ২টা পর্যন্ত হরমুজ প্রণালি অতিক্রম করা তিনটি জাহাজের মধ্যে একটি ছিল প্যানাম্যাক্স শ্রেণির তেলবাহী জাহাজ। তিনটি জাহাজই প্রণালি থেকে বের হয়ে যাচ্ছিল।
তবে জাহাজ চলাচলের এই সংখ্যা পরবর্তীতে পরিবর্তিত হতে পারে। কারণ, কিছু জাহাজ সমুদ্রযাত্রার সময় নিরাপত্তা বা অন্যান্য কারণে তাদের ট্রান্সপন্ডার বন্ধ রাখে।
এদিকে, ‘আল মাফইয়ার’ নামের একটি এলএনজি ট্যাংকার মঙ্গলবার আবার হরমুজ প্রণালির ভেতরে অবস্থান করতে দেখা গেছে। কেপলার ও এলএসইজি—দুই সংস্থার তথ্য অনুযায়ী, এর আগে ১৯ সেপ্টেম্বর জাহাজটিকে প্রণালির বাইরে দেখা গিয়েছিল।
সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে।
বাব আল-মান্দেবে চলাচলও কমেছে
হরমুজের পাশাপাশি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরেক গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল গত ১০ দিনের গড়ের তুলনায় কম ছিল।
মঙ্গলবার মোট ২২টি পণ্যবাহী জাহাজ বাব আল-মান্দেব অতিক্রম করেছে। এর মধ্যে ১৪টি লোহিত সাগরের দিকে এবং আটটি এডেন উপসাগরের দিকে গেছে।
জাহাজগুলোর মধ্যে ছিল পাঁচটি প্যানাম্যাক্স ট্যাংকার, ছয়টি সুপ্রাম্যাক্স জাহাজ, চারটি আফ্রাম্যাক্স ট্যাংকার, একটি সুয়েজম্যাক্স ট্যাংকার এবং একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি)।
কেপলারের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে এই প্রণালি দিয়ে দৈনিক গড়ে প্রায় ২৬টি জাহাজ চলাচল করেছে। ফলে মঙ্গলবারের ২২টি জাহাজের সংখ্যা সেই গড়েরও নিচে ছিল। সূত্র: রয়টার্স