ঢাকা ২১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আটক ১ আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্বপ্নভঙ্গের পর মেসির আবেগঘন বার্তা

#

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই, ২০২৬,  11:12 AM

news image

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। সম্ভাব্য শেষ বিশ্বকাপেও ট্রফি স্পর্শ করতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে। তবে পরাজয়ের হতাশার মধ্যেও ক্রীড়াসুলভ মনোভাব দেখিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্বীকার করেছেন, এই হার থেকে বেরিয়ে আসতে দীর্ঘ সময় লাগবে।

ফাইনাল শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি লিখেছেন, এই পরাজয়ের যন্ত্রণা সহজে মুছে যাবে না। তবু তিনি হতাশার বদলে দলের অর্জন ও সুন্দর স্মৃতিগুলোই মনে রাখতে চান। তার ভাষায়, ‘ব্যথাটা অনেক গভীর, এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। কিন্তু আমি ভালো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে রাখতে চাই।’

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে দল যেভাবে প্রতিকূলতা সামলে লড়াই করেছে, সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি। কঠিন মুহূর্ত থেকে ঘুরে দাঁড়ানো, সতীর্থদের নিবেদন এবং সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা—সবকিছুই তার কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকবে। তার মতে, একটি জাতির সমর্থন ও দলের সম্মিলিত প্রচেষ্টাই আবারও আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে গেছে।

মেসির বিশ্বাস, ফাইনালে হারলেও এই দলের অর্জনকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়াই আর্জেন্টিনার ধারাবাহিকতার বড় প্রমাণ বলে মনে করেন তিনি।

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। তিনি বলেন, বিশ্বকাপজুড়ে দেশবাসীর ভালোবাসা ও উৎসাহ দলকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। প্রতিটি শুভেচ্ছা ও সমর্থনের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে উল্লেখ করেন, এই বিশ্বকাপ আবারও পুরো জাতিকে একসঙ্গে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে এবং আর্জেন্টাইন পরিচয়ের গর্ব সবাইকে নতুন করে অনুভব করিয়েছে।

নিজেদের স্বপ্নভঙ্গের মাঝেও নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মেসি। সংক্ষিপ্ত বার্তায় তিনি স্পেনকে শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানান।

পুরো বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে তিনি ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করান। সব মিলিয়ে বিশ্বকাপে তার ক্যারিয়ার পরিসংখ্যানে যোগ হয়েছে ২১টি গোল ও ১২টি অ্যাসিস্ট। তবে দুর্দান্ত নৈপুণ্য সত্ত্বেও শেষ পর্যন্ত আরেকটি বিশ্বকাপ ট্রফি হাতে তোলার স্বপ্ন অধরাই থেকে গেল।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনা শিবিরে ছিল হতাশার ছাপ। কিন্তু মেসির বার্তায় ফুটে উঠেছে পরাজয়কে মর্যাদার সঙ্গে গ্রহণ করার মানসিকতা, সতীর্থদের প্রতি গর্ব, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রতিপক্ষের সাফল্যকে সম্মান জানানোর অনন্য ক্রীড়াসুলভ দৃষ্টান্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম