সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই, ২০২৬, 4:31 PM
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই, ২০২৬, 4:31 PM
সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাহিনীতে জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, যানবাহন, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিজিবি সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শনকালে তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম, সীমান্ত পরিস্থিতি, জনবল, ব্যাটালিয়ন ও সেক্টরগুলোর সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষা আরও কার্যকর করতে বিজিবির সক্ষমতা বৃদ্ধি জরুরি। এ জন্য জনবল বাড়ানোর পাশাপাশি সীমান্তে নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে, যাতে দ্রুত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধেও বিজিবির ভূমিকা আরও শক্তিশালী করা হবে। নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডগ স্কোয়াড ব্যবহারের বিধান রাখা হয়েছে। নতুন ডগ স্কোয়াড গড়ে উঠতে সময় লাগায়, ততদিন মাদকবিরোধী অভিযানে বিজিবির বিদ্যমান ডগ স্কোয়াড ব্যবহার করা হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, বিজিবির সক্ষমতা বাড়াতে নতুন যানবাহন, আধুনিক সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রম আরও জোরদার করা হবে।
সাম্প্রতিক বন্যায় বিজিবির উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, দুর্গম এলাকায় নৌকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার অভিযানে বাহিনীর ভূমিকা প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
বিজিবির প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসক ও নার্স নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।