ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৬,  11:43 AM

news image

সিলেট বিভাগে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ জন। একই সময়ে এ রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও রুবেলায় সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে।


বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের ২২ আগস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪ জন। এর মধ্যে সিলেটে ৩৩৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে রুবেলার দুই রোগীও রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৯১ সন্দেহজনক রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।


এদিকে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৩২৬ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন।


স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বাড়ি সুনামগঞ্জের দিরাই এলাকায়। তার বয়স ৮ মাস। প্রতিবেদনে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

 

জেলাভিত্তিক হিসাবে চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। সেখানে সন্দেহজনক হাম রোগে ৫৫ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জন মারা গেছেন।


অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যাও কম নয়। সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৪২ জনে পৌঁছেছে।


স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, একদিকে নতুন রোগী শনাক্ত হচ্ছে, অন্যদিকে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে সন্দেহজনক রোগীর চাপ। বিশেষ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর চাপ উল্লেখযোগ্য। ফলে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত রোগী শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন দেখা দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম