ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৬,  3:53 PM

news image

চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আগের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, সালমান শাহর মামা ও মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত গত ২৪ মে দেওয়া মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করেন।

আবেদনে বলা হয়, মামলাটি ৩০ বছরের বেশি সময় ধরে চলমান আছে। প্রাকৃতিক কারণে চিত্রনায়ক সালমান শাহের মরদেহের দেহাবিশেষ পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। ১৯৯৭ সালের ১৩ জানুয়ারি ভিকটিমের মরদেহ আদালতের নির্দেশে উত্তোলন করা হলে হাইলিডি কম্পোস্ট (মাত্রা অতিরিক্ত পচনশীল) অবস্থায় পাওয়া গিয়েছিল মর্মে উল্লেখ করা হয়। সালমান শাহের মরদেহ হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে দাফন করা হয়েছিল এবং বর্তমানে সেখানেই কবরস্থ আছে। বারবার মরদেহ উত্তোলনে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এবং ব্যাপক বাধার সৃষ্টি সহ সংঘর্ষ হওয়ার অধিকতর সম্ভাবনা রয়েছে। তাই বাদী মো. আলমগীর কুমকুম এবং তথ্য প্রদানকারী নীলা চৌধুরীর মরদেহ উত্তোলনের বিষয়ে ব্যাপক আপত্তি আছে। এ জন্য সালমান শাহের মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করা একান্ত প্রয়োজন।

গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টরজিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন। গত ২৪ মে একই আদালত আবেদন মঞ্জুর করে মরদেহ উত্তোলনের আদেশ দেন। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় গত বছরের ২০ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মারা যান। সে সময় দেশের চলচ্চিত্রাঙ্গনে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যুর মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। এরপর আদালতের নির্দেশে সিআইডি তদন্ত শুরু করে এবং ১৯৯৭ সালের ৩ নভেম্বর জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়।

পরবর্তী সময়ে বিচার বিভাগীয় তদন্ত, র‌্যাব ও পিবিআইয়ের তদন্তেও হত্যার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এসব প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী পুনঃতদন্তের দাবি জানিয়ে আসছেন।

সবশেষে, গত বছরের ২০ অক্টোবর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রমনা মডেল থানাকে নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম