সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার
০১ জুলাই, ২০২৬, 2:23 PM
NL24 News
০১ জুলাই, ২০২৬, 2:23 PM
সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার
মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার কালিগঞ্জে সনজিব সরকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের একটি মাছের ঘেরের পাড়ে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সনজিব সরকার (৩০) ওই গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সনজিব বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
একপর্যায়ে রাত সাড়ে ৩টার পর ঠেকরা রহিমপুর গ্রামের তার নিজের মাছের ঘেরের বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, সনজিবের মৃত্যু স্বাভাবিক নয়। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন।
তাদের অভিযোগ, কে বা কারা পরিকল্পিতভাবে তাকে অন্য কোথাও হত্যা করে রাতের অন্ধকারে মাছের ঘেরের সামনে মরদেহ ফেলে রেখে গেছে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য উন্মোচন হবে। এরইমধ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে