ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৬,  11:32 AM

news image

উগান্ডার তোরো রাজ্যের নতুন রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন সাংবাদিক ও উপস্থাপক এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা। ৫৬ বছর বয়সী কিজানাঙ্গোমা এখন রাজা এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা ন্যাবোঙ্গো প্রথম নামে পরিচিত হবেন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজপরিবারের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং সাংবাদিকতা ও সম্প্রচার পেশার কারণেই কিজানাঙ্গোমাকে বেশি মানুষ চিনতেন। তিনি উগান্ডার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। উগান্ডা ও প্রতিবেশী রুয়ান্ডায় দুই দশকের বেশি সময় সাংবাদিকতা ও সম্প্রচার পেশায় যুক্ত ছিলেন তিনি।


তোরোর আগের রাজা ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিডি চতুর্থ গত মাসে ৩৪ বছর বয়সে ক্যান্সারে মারা যান। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেছিলেন তিনি।


প্রথা অনুযায়ী, প্রয়াত রাজার স্বীকৃত ছেলে থাকলে সাধারণত তাকেই পরবর্তী রাজা করা হয়। রাজপরিবারের সদস্যদের দাবি, রাজা ওয়ো একটি উইল রেখে গেছেন, যেখানে তার ছেলেকে উত্তরসূরি করার কথা বলা হয়েছিল। তবে ওই ছেলেকে কখনো প্রকাশ্যে আনা হয়নি।


রাজা নির্বাচনের দায়িত্বে থাকা বাবিতো বংশের ২১ সদস্যের কমিটি পরে কিজানাঙ্গোমাকে নতুন রাজা হিসেবে বেছে নেয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন প্রয়াত রাজা ওয়ের মা রানি বেস্ট কেমিগিসা। তার দাবি, ছেলের উইলকে সম্মান করা উচিত ছিল।


তবে রাজা নির্বাচনের কমিটি জানিয়েছে, তোরোর রীতি ও ঐতিহ্য মেনেই কিজানাঙ্গোমাকে বেছে নেওয়া হয়েছে। কিজানাঙ্গোমা ও প্রয়াত রাজা ওয়ো চাচাতো ভাই। দুজনই তোরোর ১১তম রাজা জর্জ ডেভিড ম্যাথিউ কামুরাসি রুকিডি তৃতীয়ের নাতি।


রাজ্যাভিষেক উপলক্ষে তোরোতে নানা ঐতিহ্যবাহী আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে কিজানাঙ্গোমা প্রায় চার কিলোমিটার হেঁটে সরকারি কারুজিকা রাজপ্রাসাদে যান। সেখানেই তার রাজ্যাভিষেক সম্পন্ন হয়। অনুষ্ঠানে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনিও উপস্থিত ছিলেন।


রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিজানাঙ্গোমা ঐক্য ও উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। সাংবাদিকতা জীবনে অর্জিত যোগাযোগ ও অভিজ্ঞতা তোরোর মানুষের কাজে লাগানোর কথাও বলেছেন তিনি।


উগান্ডার ঐতিহ্যবাহী রাজাদের কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা নেই। তবে নিজ নিজ জনগোষ্ঠীর মধ্যে তাদের সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব রয়েছে। ১৯৬৭ সালে দেশটির ঐতিহ্যবাহী রাজ্যগুলো বিলুপ্ত করা হলেও ১৯৯০-এর দশকের শুরুতে প্রেসিডেন্ট মুসেভেনির সরকার সেগুলো পুনর্বহাল করে। বর্তমানে উগান্ডায় চারটি প্রধান ঐতিহাসিক রাজ্য রয়েছে, যার একটি তোরো।


কিজানাঙ্গোমার জন্ম ১৯৭০ সালে। ফোর্ট পোর্টালের কিডুকুরু গ্রামে বেড়ে ওঠা এই নতুন রাজা ১৯৯৯ সালে মাকেরেরে বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। এরপর তিনি সম্প্রচারমাধ্যমে কর্মজীবন শুরু করেন। রাজা হওয়ার পর সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোরোর মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।


সূত্র : বিবিটি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম