ঢাকা ০৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‎বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের বিধান নিয়ে হাইকোর্টের রুল ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Barguna YfP Committee-এর সামাজিক জবাবদিহিতা অ্যাডভোকেসি কার্যক্রমের সফল সমাপ্তি বেরোবিতে ১৪৪ ধারা জারি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি এডিবি থেকে ৭৭৫ মিলিয়ন ডলার পাওয়ার আশা সরকারের

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৬,  10:58 AM

news image

রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব এবং সংশোধনের সম্ভাব্য রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হবে। একই সঙ্গে সংশোধন প্রক্রিয়ার রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। সংসদ সচিবালয় জানিয়েছে, কমিটির সদস্যদের কাছে ইতোমধ্যে বৈঠকের নোটিস পাঠানো হয়েছে। বৈঠকে সংবিধানের যেসব অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে বিভিন্ন মহল থেকে সুপারিশ এসেছে, সেগুলো নিয়ে প্রাথমিক মতবিনিময় হবে। এ ছাড়া কমিটির কার্যপদ্ধতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। 

সংশ্লিষ্টদের মতে জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় সংবিধান সংস্কার প্রশ্নটি নতুন গুরুত্ব পেয়েছে। নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রক্ষমতার ভারসাম্য, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহি, ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ বিভিন্ন বিষয়ে সংস্কারের দাবি উঠেছে। বিশেষ কমিটি এসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করবে। তবে বিরোধী দলের প্রতিনিধি না থাকলে আলোচনা কতটা অন্তর্ভুক্তিমূলক হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। 

রাজনীতি বিশ্লেষকদের মতে সংবিধানের মতো মৌলিক বিষয়ে সর্বদলীয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সংশোধন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা আরও বাড়বে। সংসদ সচিবালয়ের তথ্যমতে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ার দুই দিন আগে, ১৩ জুলাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলের পাঁচ সদস্যের নাম না পাওয়ায় আপাতত ১২ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারি দলের পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিও রয়েছেন। তবে বিরোধী জোটের জন্য নির্ধারিত আসনগুলো এখনো শূন্য। কমিটি গঠনের প্রতিবাদে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। 

তখন সংসদে জানানো হয়, বিরোধী দল চাইলে যেকোনো সময় কমিটিতে যোগ দিতে পারবে। এ অবস্থায় কমিটিকে কার্যকর ও অংশগ্রহণমূলক করতে বিরোধী দলের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের পর এ পর্যন্ত ১৭ বার সংবিধান সংশোধন করা হয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের জোরালো দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারের আমলে সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক), নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসনসহ ১১ খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এসব কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও সংলাপের পর ২০২৫ সালের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ’ গৃহীত হয়।

পরে নভেম্বরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করেন, যার ভিত্তিতে গণভোট অধ্যাদেশ জারি হয়। ওই আদেশ অনুযায়ী সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার বিধান ছিল। বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ৭৭ জন সদস্য উভয় শপথ নিলেও সরকারি দল বিএনপি জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম