ঢাকা ০৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

শেষ হচ্ছে টানা দুই মাসের নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৩,  10:33 AM

news image

টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে রোববার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে ফের ইলিশ শিকারে নামবে জেলেরা। ইতোমধ্যে চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নৌ সীমানায় মাছ শিকারে নামার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে জাটকা রক্ষায় সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তা বাস্তবায়ন নিয়ে অভিযোগ করেছেন জেলেরা। জেলা টাস্কফোর্সের দাবি জাটকা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত ছিল। চাঁদপুর পদ্মা—মেঘনা উপকূলীয় এলাকার অধিকাংশ মানুষই মাছ আহরণ ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। জেলেদের মধ্যে অধিকাংশ জেলে গুল্টিজাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ করে। কিন্তু এক শ্রেণির জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা আহরণ করছে অবাধে। আইন অমান্য করে জাটকা ধরায় গত ১ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ৩৭১ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।এদিকে দুই মাস বেকার অবস্থায় থাকার পর নৌকা ও জাল মেরামত করে প্রস্তুতি নিয়েছে জেলেরা।

সরেজমিনে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দ বাজার, শহরের টিলাবাড়ী এলাকা, পুরান বাজার রনাগোয়াল, দোকানঘর, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাখুয়া, বহরিয়া, হানারচর ইউনিয়নের হরিণা মাছঘাট, আখনের হাট এলাকায় দেখা গেছে জাল ও নৌকা মেরামত কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কিছু লোক ঠিক এই সময়ে শুধু জাল মেরামত করার জন্য বিভিন্ন স্থান থেকে আসেন। সদর উপজেলার সাখুয়া এলাকার জেলে শাহজাহান রাঢ়ী বলেন, সরকার জাটকা না ধরার জন্য যে অভিযান পরিচালনা করে, আমরা তা মানি। কিন্তু মুন্সীগঞ্জ, মোহনপুর ও শরীয়তপুর এলাকার জেলেরা এসে অধিকাংশ জাটকা ধরে নিয়ে যায়। যে কারণে নিষেধাজ্ঞা শেষ হলে আমরা কোনো মাছ পাই না। ঋণ করে নতুন জাল ক্রয়, নৌকা মেরামত ও এসব কাজে শ্রমিকদের টাকা দিতে হয়। এরপর নদীতে মাছ না পাওয়া গেলে আমাদের খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। একই এলাকার জেলে দেলোয়ার হোসেন বলেন, নিষেধাজ্ঞার সময় আমাদের যে পরিমাণ খাদ্য সহায়তা করা হয়, তা দিয়ে কিছুই হয় না। এখনকার বাজারের যে অবস্থা, জিনিসপত্রের দাম অনেক বেশি, সন্তানদের পড়ালেখার খরচ চালানো আমাদের জন্য অসম্ভব। অন্যদিকে বহরিয়া এলাকার জেলে মো. শাহজাহান খান বলেন, ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সরকার যে অভিযান দেয়, তা সঠিকভাবে বাস্তবায়ন হয় না। আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর হওয়া দরকার। তাহলে কোনো জেলেই নদীতে নামতে পারবে না। আমরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে বসে থাকি। বাহিরের লোকজন এসে জাটকা ধরে নিয়ে যায়। এভাবে অভিযান দিয়ে কোনো লাভ হবে না।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, জাটকা রক্ষার অভিযানের শুরু থেকে আমরা দিন ও রাতে এবং বিশেষ অভিযান পরিচালনা করেছি। এসব অভিযানে জাটকা ধরা অবস্থায় আমরা প্রায় ৪শ জেলেকে আটক করেছি। এসব ঘটনায় প্রায় ৩৯টি মামলা হয়েছে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকার দুই মাসের যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা বাস্তবায়নে আমাদের জেলা ও উপজেলা টাস্কফোর্সের সর্বাত্মক চেষ্টা অব্যাহত ছিল। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ সবাই মিলে আমরা এই অভিযান সফল করেছি। এরপরেও কিছু অসাধু জেলে মাছ আহরণ করেছে। যার ফলে অভিযানকালে ৩৪৭টি মামলা হয়েছে এবং জেল হয়েছে ৩৭১জন জেলের। তিনি আরও বলেন, আমরা আশা করছি এই অভিযানের ফলে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। যা ইলিশের জাতীয় উৎপাদনে ভূমিকা রাখবে। এর সুফল অভিযানের সময় মাছ আহরণ থেকে বিরত থাকা জেলেরা পাবে। তারা আরও বেশি ইলিশ মাছ ধরতে পারবে। এ ছাড়া নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের যাতে কষ্ট না হয় সে জন্য সরকার এ বছর অভিযানের পূর্ব থেকেই নিবন্ধনকৃত চাঁদপুরের ৪৪ হাজার ৪৫ জন জেলেকে ৪০ কেজি করে ৪ মাস খাদ্য সহায়তা দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম