শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের সঙ্গে ড্র বায়ার্নের
স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর, ২০২৬, 11:25 AM
স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর, ২০২৬, 11:25 AM
শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের সঙ্গে ড্র বায়ার্নের
ডার ক্লাসিকোতে শেষ মুহূর্তের নাটকীয়তায় বায়ার্ন মিউনিখের জয় কেড়ে নিল বরুসিয়া ডর্টমুন্ড। ফাবিও সিলভার ৮৯তম মিনিটের গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সফরকারীরা।
বুন্দেসলিগায় শনিবার রাতে বায়ার্ন ও ডর্টমুন্ডের জমজমাট লড়াই শেষ হয়েছে ২-২ গোলে। বায়ার্নের হয়ে গোল করেন কনরাড লাইমার ও দায়ো উপামেকানো। ডর্টমুন্ডের হয়ে সারহু গিরাসি ও ফাবিও সিলভা।
বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিল ডর্টমুন্ড। জুড বেলিংহ্যামের ভাই জোবে বেলিংহ্যাম বল জালে পাঠালেও কার্নি চুকুয়েমেকার ফাউলের কারণে গোলটি বাতিল হয়। বায়ার্ন গোলকিপার ইয়োনাস উরবিগের ওপর ফাউল করেছিলেন তিনি।
ম্যাচের ৩৭তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন লাইমার। নিজের প্রথম শট গোলকিপার ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন হ্যারি কেইন। তবে তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ডর্টমুন্ড। উরবিগকে পরাস্ত করে নিচু শটে সমতা ফেরান গিরাসি।
ছয় মিনিট পর আবার এগিয়ে যায় বায়ার্ন। কেইনের হেডে বল গোলমুখে পেয়ে কাছ থেকে জালে পাঠান উপামেকানো। এরপর ৭৫তম মিনিটে কেইনের আরেকটি শট ক্রসবারে লাগে। তবে অফসাইডের পতাকাও উঠেছিল।
শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় ডর্টমুন্ড। ৮৯তম মিনিটে উরবিগকে পরাস্ত করে সমতাসূচক গোলটি করেন ফাবিও সিলভা। যোগ করা সময়ের শেষ দিকে লেনার্ট কার্লের শটও ক্রসবারে লাগে। তবে আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
হাসপাতাল থেকে ছাড়া পেলেও অসুস্থতার কারণে দলের সঙ্গে থাকতে পারেননি বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তার অনুপস্থিতিতে আবারও সহকারী অ্যারন ড্যাঙ্কসের অধীনে খেলেছে দলটি।
এই ড্রয়ের পরও গোল ব্যবধানে এগিয়ে থেকে বুন্দেসলিগার শীর্ষে আছে বায়ার্ন। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের,সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ডর্টমুন্ড।