ঢাকা ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ, আজও লঞ্চ-ফেরিতে উপচেপড়া ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২২,  11:11 AM

news image

ছবি: সংগৃহীত
দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত কর্মস্থলে ফেরা মানুষের ঢল অব্যাহত ছিল রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে।  শুক্রবার রাত থেকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে যানজট। পদ্মা পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকে পড়েছে সহস্রাধিক যানবাহন। মাগুরা থেকে ঢাকায় আসতে ভোগান্তির কথা জানান তামান্না রহমান।  তিনি বলেন, ‘রাত ১টায় ঘাট এলাকায় এসে জ্যামে পড়েছি। ভোরেও ফেরির নাগাল পায়নি বাস। শনিবারই আমার অফিস শুরু। পরে বাধ্য হয়ে পায়ে হেঁটে লঞ্চঘাটে এলাম। লঞ্চেও কী ভিড়! পা ফেলার জায়গা নেই যেন।’ফরিদপুরের বাসিন্দা মোটরসাইকেল চালক স্বপন আহমেদ বলেন, ‘ঘাটের কোনো নিয়মশৃঙ্খলা নেই।

একবার ওই ঘাটে ফেরি ভিড়ে তো আমরা ওই ঘাটে ছুটি, আবার এ ঘাটে ফেরি আসলে এ ঘাটে ছুটি। যারা ভেঙ্গে ভেঙ্গে এসেছে তারাও ব্যাগ কাপড়সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে ফেরির জন্য এ ঘাট ও ঘাট ছোটাছুটি শুরু করেছে।’ খুলনা থেকে আসা যাত্রী সোহেল রানা বলেন, ‘ফেরি ঘাটে ভিড়তেই সাথে সাথে যাত্রী ও মোটরসাইকেলেই ফেরি পরিপূর্ণ হয়ে আছে। সেখানে অন্য গাড়ি পার করার সুযোগ নেই। মানুষের ভিড়ে পা ফেলারও জায়গাটুকু নেই। মানুষ যতটা আনন্দ নিয়ে ঈদ কাটাতে গিয়েছিল ঘাটে এসে সেই আনন্দের খেসারত দিয়ে যাচ্ছে।’ লঞ্চ ঘাটেও একই চিত্র। এই নৌরুটে চলাচলকারী ২০ টি লঞ্চের প্রতিটির ধারণ ক্ষমতা ১২৫ থেকে ১৭৫ জন; কিন্তু নেওয়া হচ্ছে তার দ্বিগুণ। কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি।  যদিও শৃঙ্খলা বজায় রাখতে লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালত, রোভার স্কাউটস কাজ করছে। কিন্তু যাত্রীরা কেউ নির্দেশনা মানতে নারাজ। লঞ্চ ঘাটে ভিড়তে তারা হুড়োহুড়ি করে উঠে যাচ্ছেন। শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে অচলাবস্থার কারণে ওই নৌরুটের অধিকাংশ যানবাহন এই নৌরুট দিয়ে পারাপার হচ্ছে। এতে করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত চাপ পড়ছে বলে সংশ্লিষ্টদের অভিমত। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১ টি ফেরি চলাচল করছে। দুর্ভোগের কথা চিন্তা করে প্রাইভেটকার ও যাত্রীবাহীবাস অগ্রাধিকারভিত্তিতে পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় সিরিয়াল হলেও খুব বেশি সময় আটকে থাকতে হচ্ছে না। রুটে পর্যাপ্ত ফেরি থাকায় কম সময়ের মধ্যেই যাত্রীবাহী যানবাহনগুলো পারাপার হতে পারছে। এদিকে পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকায় ঢাকাফেরত যাত্রীরা পড়েছেন আরেক দুর্ভোগে। তারা বলছেন, ঘাট এলাকায় যাত্রীবাহী বাসের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।  অনেক যাত্রী বাস না পেয়ে ট্রাকে বা পিকআপে চড়ে ঢাকায় ফিরতে বাধ্য হচ্ছেন। আরিচা ও পাটুরিয়া ঘাটে এসে ঢাকায় যাওয়ার জন্য যানবাহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে বসে অপেক্ষা করছেন। অনেকে গাদাগাদি করে রিক্সা ও ভ্যানে চড়ে এক ষ্টেশন থেকে অন্য ষ্টেশনে যাচ্ছেন। চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। পাবনার চরকল্যাণপুর থেকে আসা হাবিবুর রহমান, দেলোয়ারা বেগম, সিমা আক্তারের সঙ্গে কথা হয় শনিবার সকালে। তারা সবাই ঢাকার আইডিএস গার্মেন্টসের কর্মী। হাবিবুর রহমান বলেন, শনিবারই গার্মেন্টস খুলছে। তাই আজই তাদের কর্মস্থলে যোগ দিতে হত।  আজ (শনিবার) সকাল ৯টার দিকে ইঞ্জিনচালিত ট্রলারে নদী পার হয়ে আরিচা ঘাটে আসেন তারা।  ঘাট থেকে তিন কিলোমিটার পায়ে হেঁটে তারা উথলী বাস স্টেশন আসেন। সেখানে বাস না পেয়ে তারা জনপ্রতি ৩০০ টাকা ভাড়া দিয়ে ট্রাকে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। অনেক বাস চালক অভিযোগ করেন, বাস-মালিক সমিতির নামে ঘাট এলাকায় ৪০০-৫০০ টাকা চাঁদা দিতে হচ্ছে।  শিবালয় বাস মালিক সমিতির সভাপতি আলাল উদ্দিন জানান, কেউ বাস চালকদের কাছ থেকে চাঁদা নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  শিবালয় থানার ওসি শাহিনুর রহমান জানান, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম