মাধবপুর বাসস্টেশনে মোটরসাইকেল ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত ১
১৪ জুন, ২০২৬, 4:02 PM
NL24 News
১৪ জুন, ২০২৬, 4:02 PM
মাধবপুর বাসস্টেশনে মোটরসাইকেল ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত ১
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বাসস্টেশন এলাকায় মোটরসাইকেল ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মোঃ শরিফ উদ্দিন (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চিতনা গ্রামের বাসিন্দা এবং হাজী বাবুল হোসেনের পুত্র।
রবিবার (১৪ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ০৫ মিনিটে মাধবপুর বাসস্টেশন সংলগ্ন ডাকবাংলোর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হলে শরিফ উদ্দিন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ অভিযোগ করেন, বাসস্টেশন এলাকায় নিয়মবহির্ভূতভাবে অটোরিকশা চলাচল ও যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, অনেক অটোরিকশা চালক দীর্ঘ সময় ধরে দোকানের সামনে যানবাহন দাঁড় করিয়ে রাখেন, ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এলাকার লাইনম্যান ফারুক দীর্ঘদিন ধরে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান। তবে তারা মনে করেন, ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হলে এবং অটোরিকশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে দুর্ঘটনা ও যানজট অনেকাংশে কমে আসবে। এ ব্যাপারে স্থানীয় জনগণ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।