ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

মহানবী (সা.)-এর পারিবারিক উত্তরাধিকার সম্পত্তি

#

২৮ এপ্রিল, ২০২৫,  5:06 PM

news image

রাসুলুল্লাহ (সা.)-এর অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই এ প্রশ্ন এসে যায় যে তাঁর পারিবারিক মিরাস কী ছিল? প্রাচীন ইতিহাসবিদদের মধ্যে ইবনে সাদ তাঁর শিক্ষক ইমাম ওয়াকিদি (রহ.) থেকে বর্ণনা করেছেন, ‘আবদুল্লাহ বিন আবদুল মুত্তালিব উম্মে আইমান নামে এক দাসী, পাঁচটি উট ও এক পাল বকরি রেখে গেছেন। রাসুলুল্লাহ (সা.) উত্তরাধিকারসূত্রে এগুলো পেয়েছেন।’ (ইবনে সাদ, আত-তাবকাতুল কুবরা, পৃষ্ঠা-১০০)

এই সম্পত্তি ছাড়া তিনি পৈতৃক ভিটা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। মহানবী (সা.)-এর প্রথম জীবনীকার ইবনে ইসহাক লিখেছেন, ‘জনাব আবদুল্লাহ সাইয়েদা আমিনার জন্য একটি জায়গা ক্রয় করেছেন। সেখানেই তাঁরা দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন।’

(সিরাতে ইবনে ইসহাক, পৃষ্ঠা-৩৩)

তাই এটা খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে মহানবী (সা.) তাঁর মাতা-পিতার বিভিন্ন অস্থাবর সম্পত্তিও উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। উসামা বিন জায়েদ বিন হারেসা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, ‘হে আল্লাহর রাসুল! মক্কায় আপনি কি আপনার ঘরে অবস্থান করবেন?’ এর জবাবে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আকিল কি আমাদের জন্য কোনো জায়গা অবশিষ্ট রেখেছে?’

(মুসলিম, হাদিস : ১৩৫১)

এ হাদিস সহিহ বুখারি ও আবু দাউদেও বর্ণিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় এসেছে, ‘আকিল কি আমার জন্য কোনো ঘর অবশিষ্ট রেখেছে?’

এসব বর্ণনা থেকে জানা যায়, আকিল [রাসুলুল্লাহ (সা.)-এর চাচাতো ভাই] নিজের আপন ভাই-বোনের জায়গার পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর জায়গাও বিক্রি করে দিয়েছেন। ওই জায়গায় হিজরতের আগে রাসুলুল্লাহ (সা.) বসবাস করতেন। 

রাসুলুল্লাহ (সা.)-এর পিতা আবদুল্লাহর মৃত্যুসংক্রান্ত আলোচনায় সিরাতবেত্তারা এ বিষয়টিও উল্লেখ করেছেন যে তিনি ব্যবসার উদ্দেশে মদিনায় গিয়েছিলেন। তিনি ছিলেন কোরাইশি ব্যবসায়ী কাফেলার দলভুক্ত। মদিনা থেকে ফেরার পথে মদিনার সন্নিকটে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাঁর পরামর্শে তাঁকে মদিনায় তাঁর নানার বাড়িতে নিয়ে যাওয়া হয়। কাফেলা যথারীতি চলে যায়। তাঁরা বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর দাদা আবদুল মুত্তালিবকে অবহিত করেন। খবর শুনে আবদুল মুত্তালিব তাঁর বড় ছেলেকে মদিনায় পাঠিয়েছেন। ততক্ষণে রাসুলুল্লাহ (সা.)-এর পিতা আবদুল্লাহ ওফাত লাভ করেছেন।

এটা কিছুতেই বলা যায় না যে এটাই ছিল মহানবী (সা.)-এর পিতা আবদুল্লাহর একমাত্র ব্যাবসায়িক সফর, বরং এটা খুব সহজেই অনুমিত হয় যে তিনি এর আগেও ব্যাবসায়িক সফরে বের হয়েছেন। আর তাঁর মৃত্যুর পর এসব অর্থবিত্ত যে রাসুলুল্লাহ (সা.) উত্তরাধিকার সম্পত্তি হিসেবে পেয়েছেন, তা বলাই বাহুল্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম