ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

ভোট দিতে আজও বাড়ির পথে ছুটছে মানুষ, নেই ভোগান্তি

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  11:08 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। বুধবার সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে, যাত্রীরা স্বস্তিতে বাসে উঠছেন এবং নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। তবে আগের দিনের মতো উপচেপড়া ভিড় নেই। মঙ্গলবার সায়েদাবাদ টার্মিনালে ছিল যাত্রীদের চাপ, বাস সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। কিন্তু বুধবার চিত্র ভিন্ন। পর্যাপ্ত বাস থাকায় অতিরিক্ত ভাড়ার অভিযোগও পাওয়া যায়নি। সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড়, উত্তর যাত্রাবাড়ী, দোলাইপার, শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, চট্টগ্রাম, লাকসাম, খুলনা, সিলেট ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার বাস চলাচল করতে দেখা গেছে। কাউন্টার কর্মীরা যাত্রীদের ডাকাডাকি করছেন, তবে অনেক বাসই পূর্ণ যাত্রী ছাড়াই ছেড়ে যাচ্ছে। তিশা কাউন্টারের কর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, মঙ্গলবারের তুলনায় বুধবার যাত্রী কম। তার ভাষায়, ‘গতকাল যে ভিড় ছিল, তা ঈদের সময়েও দেখা যায় না। সারারাত বাস ছাড়তে হয়েছে।’ পর্যাপ্ত বাস থাকায় যাত্রীরা ভাড়া নিয়ে দরকষাকষিও করছেন। বরিশালের পিরোজপুরগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, ‘সাধারণ সময়ে ভাড়া ৫০০ টাকা। চেষ্টা করছি কিছুটা কমে নেওয়ার।’ খিলগাঁওয়ের ব্যবসায়ী আব্দুর রহমান লক্ষ্মীপুরের রায়পুরে ভোট দিতে যাচ্ছেন। তিনি জানান, ভিড়ের আশঙ্কায় আগের দিন আসেননি। আজ এসে দেখেছেন পরিবেশ স্বাভাবিক, ভাড়াও আগের মতোই। বাস কাউন্টার সংশ্লিষ্টরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়তে পারে। উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা চারদিনের ছুটি পাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম