ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভাড়া বাড়ল লাইটার জাহাজের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২১,  5:26 PM

news image

ডিজেলের দাম বাড়ায় এবার বাড়ল চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী লাইটার জাহাজের ভাড়া। ছোট আকারের এসব জাহাজে করে নৌপথে পণ্য পরিবহনের এ ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)। মঙ্গলবার (১৬ নভেম্বর) ডব্লিউটিসি এর এক বিজ্ঞপ্তিতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়, বরাদ্দ হওয়া লাইটার জাহাজের ক্ষেত্রেই বর্ধিত ভাড়া কার্যকর হবে। এর আগে সোমবার (১৫ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ডিজেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানিয়ে সারাদেশে গণ ও পণ্য পরিবহন মালিকরা অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পৃথক বৈঠকে বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হয়। আর লাইটার জাহাজের ভাড়া বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে পণ্য পরিবহনকারী ট্রাক-লরি-প্রাইমমুভার, ট্রেলারদের মালিক-শ্রমিকরা তাদের ধর্মঘট তুলে নেন।

বন্দর থেকে দেশের বিভিন্ন নৌরুটে পণ্য পরিবহনকারী লাইটার জাহাজগুলো ডিজেলে চলে। সে কারণে জাহাজ মালিকসহ বিভিন্ন পক্ষের মতের প্রেক্ষিতে এসব জাহাজের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে দেশের ৩৪টি স্থানে নদীপথে পণ্য পরিবহন করা হয়। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, কাঁচপুর, মুক্তারপুরসহ বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি পণ্য পরিবহন করা হয় ছোট আকারের লাইটার জাহাজের মাধ্যমে। সাধারণত বড় আকারের মাদার ভেসেলে করে বিদেশ থেকে পণ্য আমদানি করা হয়। পরে তা বহি:নোঙরে ছোট আকারের লাইটার জাহাজে করে খালাস করে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়।

ডব্লিউটিসি’র আহ্বায়ক ও বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব নুরুল হক বলেন, ডিজেলের মূল্য বাড়ানোর পর বাড়তি খরচ সমন্বয়ের জন্য পণ্য পরিবহন ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ৪ নভেম্বর সরকার ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে।

নুরুল হক বলেন, আগে একটি মাঝারি মানের জাহাজের এক ট্রিপে তেল লাগতো চার হাজার লিটারের মতো। ডিজেলের দাম বাড়ার পর এতে বাড়তি লাগবে ৬০ হাজার টাকার মতো। তারা ভাড়া বাড়াননি দাবি করে তিনি বলেন, শুধু ডিজেলের বাড়তি দামটা সমন্বয় করেছি মাত্র। লঞ্চ, ট্রাক বা বাসের ভাড়া যে হারে বাড়ানো হয়েছে সে হিসেবে আমাদের বাড়েনি। এতে চট্টগ্রাম থেকে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন নৌরুটে ১৫ শতাংশের হিসাবে লাইটার জাহাজে প্রতি টন পণ্যের পরিবহন খরচ ৬২ টাকা ২৫ পয়সা বাড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম