ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

বঙ্গোপসাগরে ভেসে আসা দুই শ্রীলঙ্কান জেলে সেফ হোমে, পাঠানো হচ্ছে ঢাকায়

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুলাই, ২০২৬,  4:58 PM

news image

বঙ্গোপসাগরে ভেসে থাকার পর কক্সবাজারের মহেশখালী উপকূলে উদ্ধার হওয়া শ্রীলঙ্কার দুই জেলেকে সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার আদালতের নির্দেশ অনুযায়ী আজ মঙ্গলবার তাদের সড়কপথে ঢাকায় নেয়া হবে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।


উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এস এইচ চামিন্দা (৫১) ও তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। পেশায় দুজনেই জেলে। জানা যায়, প্রায় ৩৬ দিন আগে ৪ জন জেলে একটি ট্রলার নিয়ে শ্রীলঙ্কা উপকূল থেকে সমুদ্রে যান। বৈরী আবহাওয়ায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সেটি আন্দামান সাগরের দিকে ভেসে যায়। তিন দিন পর অন্য একটি নৌকার সহায়তায় দুই জেলে শ্রীলঙ্কায় ফিরে গেলেও ট্রলারটি নিজেদের হওয়ায় বাবা ও ছেলে সেটিতেই অবস্থান করেন। এরপর সাত-আট দিন পর মিয়ানমারের কিছু লোক তাদের ট্রলারে উঠে দূরবীন ও ক্যামেরাসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।


যাত্রার ৭ দিনের মাথায় মজুত খাবার শেষ হয়ে গেলে টানা ২৯ দিন সমুদ্রের কাঁচা মাছ ও বড়শির টোপ খেয়ে অলৌকিকভাবে জীবন বাঁচান তারা। ভাসতে ভাসতে একপর্যায়ে ট্রলারটি কক্সবাজারের মহেশখালী উপকূলের কাছে পৌঁছায়। গত বুধবার গভীর সমুদ্রে কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার ট্রলারমালিক জিয়াউর রহমানের জেলেরা ইঞ্জিন বিকল ট্রলারটিতে দুই ব্যক্তিকে অসহায় অবস্থায় হাতজোড় করে আকুতি জানাতে দেখেন। এরপর তাদের উদ্ধার করে নিজেদের ট্রলারে তুলে নেয়া হয় এবং ট্রলারটি রশি দিয়ে বেঁধে শুক্রবার রাতে মহেশখালী উপকূলে আনা হয়।


প্রথমে জিয়াউর রহমানের বাড়িতে রাখা হলেও শ্রীলঙ্কান ভাষা না বোঝায় এক দুবাইপ্রবাসীর সহায়তায় তাদের পরিচয় নিশ্চিত করা হয়। পরে শনিবার রাতে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান জানান, পুলিশ ও সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে তাদের মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শ্রীলঙ্কায় ফেরত পাঠানোর আগপর্যন্ত তাদের সেফ হোমে রাখার নির্দেশ দেন। গত দুই দিনে শ্রীলঙ্কার বাংলাদেশ দূতাবাস, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগ করেছেন।


তবে উদ্ধার হওয়া তাদের ছোট ট্রলারটি শ্রীলঙ্কায় ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না জানিয়ে ওসি বলেন, হাজার হাজার কিলোমিটার উত্তাল সাগর পাড়ি দিয়ে এটি পাঠানো অবাস্তব। তাই আদালতের নির্দেশে গভীর সমুদ্র থেকে ঝুঁকি নিয়ে ট্রলারটি টেনে আনা স্থানীয় ট্রলারমালিক জিয়াউর রহমানকে সেটি বুঝিয়ে দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম