ঢাকা ২৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা, পুলিশের জিডি ডেঙ্গু ও হাম উপসর্গে একদিনে ১৩ মৃত্যু স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয় নাই: জামায়াত আমির চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বাংলাদেশ এবার কালিয়াকৈরে কারখানার গুদামে ভয়াবহ আগুন সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১৯৩৩ যাত্রী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

বই দেখে পরীক্ষা দেওয়ার দৃশ্য ধারণ, দুই সাংবাদিককে মারধরের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২৬,  5:35 PM

news image

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ডিগ্রি পরীক্ষায় বই দেখে লেখার অনিয়ম ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন।


শুক্রবার (২৮ আগস্ট) পরীক্ষার কেন্দ্রটিতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকেরা গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


ভুক্তভোগী সাংবাদিকরা জানান, ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বই দেখে লেখার সুযোগ করে দেওয়া হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে যান। সেখানে গিয়ে সত্যতা পেয়ে মুঠোফোনে দৃশ্যগুলো ভিডিও করার সময় কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ দুই শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালান।


এ সময় মারধরের পাশাপাশি তাদের ধারণকৃত দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের একটি কক্ষে আটকে রাখা হলেও কৌশলে বের হয়ে এসে গাংনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ দেন। হামলায় আহত সাংবাদিকেরা হলেন—বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন।


পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের ওপর এই হামলার খবর ছড়িয়ে পড়লে মেহেরপুরের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। স্থানীয় সাংবাদিকেরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


ঘটনার বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের চিহ্নিত করা, ছিনিয়ে নেওয়া মোবাইল ও সরঞ্জাম উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম