ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

ফের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী, কঠোর অবস্থানে জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২৬,  11:01 AM

news image

শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে টানা তৃতীয় বছরের মতো দখলদার ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, প্রকাশের অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদন তাদের হাতে এসেছে। ২০২৫ সালের তথ্যভিত্তিক ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এ বছর নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ২০২৫ সালে ২৪ হাজার ১৭৪ জন শিশুর বিরুদ্ধে মোট ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। আক্রান্ত শিশুদের মধ্যে ১৫ হাজার ৪৯৩ জন ছেলে, ৭ হাজার ৯৯০ জন মেয়ে এবং ৬৯১ জনের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গত ৩০ বছরের ইতিহাসে এই প্রথম শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের জন্য সবচেয়ে বেশি দায়ী পক্ষ হিসেবে সরকারি বাহিনীগুলো চিহ্নিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সরকারি বাহিনীগুলোর মধ্যে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনায় শীর্ষ অবস্থানে রয়েছে ইসরায়েলি সরকার, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের বছরের তুলনায় শিশু নিহত হওয়ার ঘটনা ৩৪ শতাংশ এবং আহত হওয়ার ঘটনা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যাচাইকৃত গুরুতর লঙ্ঘনের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে, যেখানে এ ধরনের ঘটনার সংখ্যা ১২ হাজার ৪৪৫। এর বাইরে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ৪ হাজার ১১৪টি, নাইজেরিয়ায় ২ হাজার ৫৬০টি, মিয়ানমারে ২ হাজার ২০৩টি এবং সোমালিয়ায় ২ হাজার ১৯৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ২৬৬ শিশু নিহত হয়েছে, ৭ হাজার ৯৫৮ জন আহত হয়েছে, ৬ হাজার ৬০৭ জনকে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ দেওয়া হয়েছে, ৮ হাজার ৩২২ জন মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং ৪ হাজার ৫৭৩ জন শিশুকে অপহরণ করা হয়েছে।

প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ব্যাপকতা তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি জানান, গাজা উপত্যকায় চলমান গুরুতর লঙ্ঘনের ঘটনায় তিনি স্তম্ভিত এবং একই সঙ্গে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

গুতেরেস আরও বলেন, ইসরায়েলি দখলদারদের হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পাশাপাশি এসব লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির অভাব নিয়েও তিনি সমালোচনা করেন। সূত্র: আনাদোলু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম