ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:14 AM

news image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের বিপর্যস্ত ও নিপীড়িত মানুষের জন্য ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলারের বিশাল সামরিক-মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মঙ্গলবার নিউ ইয়র্কে বৈশ্বিক এই শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে তিনি এই বিপুল অর্থসহায়তার সিদ্ধান্ত জানান। 


ঘোষণাকৃত অনুদানের মধ্যে ৮০ মিলিয়ন ডলার সরাসরি মানবিক ত্রাণ হিসেবে এবং ২০ মিলিয়ন ডলার শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণের কাজে ব্যয় করা হবে। সহায়তা প্রদানের ঘোষণার পাশাপাশি গাজার মানবিক ট্র্যাজেডি এবং হামাসের কারণে ইসরায়েলিদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে তিনি সতর্ক করেন যে, বিদ্যমান পরিস্থিতি বজায় থাকলে দ্বি-রাষ্ট্র সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টা একেবারেই অর্থহীন হয়ে পড়বে।


নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে কানাডার প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই নতুন অর্থসহায়তার বার্তা নিয়ে আসেন কার্নি। চার পরাশক্তি ও আঞ্চলিক নেতৃত্বের এই উচ্চপর্যায়ের বৈঠকে মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানে দ্বি-রাষ্ট্র তত্ত্বের বাস্তবায়ন এবং আঞ্চলিক যুদ্ধ বন্ধে মার্কিন-সমর্থিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব কার্যকর করার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


কানাডার এই বড় ঘোষণার পেছনে সম্প্রতি গৃহীত কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষাপট রয়েছে। মাত্র দুই সপ্তাহ আগেই ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে উৎপাদিত পণ্যের বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। পূর্ব জেরুজালেমের নিকটবর্তী সংবেদনশীল ই-ওয়ান এলাকায় ইসরায়েলের বিতর্কিত নতুন বসতি স্থাপন প্রকল্প এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত এবং সাম্প্রতিক সময়ে চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের অভূতপূর্ব সহিংসতাকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছিল এই দেশগুলো। মঙ্গলবারের বৈঠকে মার্ক কার্নি এই বাণিজ্যিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনরুল্লেখ করে স্পষ্ট জানান, দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে টিকিয়ে রাখতেই তাদের এমন বাস্তবমুখী পদক্ষেপ নিতে হয়েছে।


বৈঠকে আলোচনার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বিশ্বনেতাদের প্রতি কেবল মুখে সমর্থন না জানিয়ে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার জোর আকুতি জানান। তিনি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের সমর্থনকে যদি বাস্তব পদক্ষেপে রূপান্তর করা না যায়, তবে আন্তর্জাতিক রাজনৈতিক, কূটনৈতিক এবং বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি মানুষের বিন্দুমাত্র আস্থা থাকবে না। ফিলিস্তিন ও ইসরায়েল—দুই স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন ও আশাকে কোনোভাবেই নিভে যেতে দেওয়া যাবে না বলে সতর্কবার্তা দেন তিনি।


উল্লেখ্য, গত বছর কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা ঘটে, যেখানে আগে ইসরায়েল ও ফিলিস্তিন নেতৃত্বের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার পরই কেবল ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে অবস্থান ছিল অটোয়ার। তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী কার্নি বলেছিলেন যে, প্রতিনিয়ত বসতি সম্প্রসারণ এবং গাজায় টানা সামরিক অভিযানের ফলে শান্তিচুক্তির ভবিষ্যৎ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


ফিলিস্তিনিদের জন্য কানাডার পক্ষ থেকে বড় অঙ্কের অর্থসহায়তার ঘোষণা এবারই প্রথম নয়। চলতি বছরের জুন মাসেই পশ্চিম তীর ও গাজায় জরুরি খাদ্যসহায়তা, চিকিৎসাসেবা এবং অন্যান্য মানবিক চাহিদা মেটাতে ১০০ মিলিয়ন ডলারের একটি আন্তর্জাতিক তহবিল ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে ১৩.৭ মিলিয়ন ডলার রাখা হয়েছিল শান্তি রক্ষা ও স্থিতিশীলতা জোরদার করার প্রচেষ্টায়। মঙ্গলবারের ঘোষিত ১০০ মিলিয়ন ডলারের নতুন এই বরাদ্দ ফিলিস্তিনের অবরুদ্ধ ও দুর্গত মানুষের জীবনে সাময়িক স্বস্তি এনে দেবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: পলিটিকো

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম