ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২৬,  11:11 AM

news image

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বিত টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়া চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


এর আগে, হ্যান্ডকাপসহ চার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সদর থানায় মামলা হয়েছে। মামলায় চার জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়। 


মামলার নামীয় আসামিরা হলেন- জেলা শহরের রাজনগর এলাকার জয়নাল (৪২), একই এলাকার শাহেন শাহ (৩৬), পুরাতন ক্যাম্প এলাকার হাসিবুর রহমান (২৫) এবং একই এলাকার দিপু ইসলাম (৩৭)। দিপু পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব।


মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারসহ টাস্কফোর্স অভিযান চালানো হয়। এ সময় জেলা শহরের হাজী মার্কেটের একটি পরিত্যক্ত দোকানে মাদক সেবনরত অবস্থায় ওই ৪ জনকে আটক করা হয়। তাদের কাছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া যায়। 


পরে তাদের শের-ই-বাংলা পার্কে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আসামিদের গাড়িতে তোলা হলে ২০/২৫ জন লোক তাদের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের ট্রাফিক পুলিশ বক্সের কাছ থেকে আবারও গ্রেফতার করা হয়।  হ্যান্ডকাপ দুটি কাটা অবস্থায় পাওয়া যায়। 


রাতে তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে তাদের নামে পঞ্চগড় সদর থানায় মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম। 


এছাড়াও এ ঘটনায় চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়। আহতরা হলেন- সিপাহী ফাহিমুর রহমান, মোসাদ্দেক আলী, তরিকুল ইসলাম ও ব্যাটালিয়ন আনসারের নায়েব সুবেদার জালাল উদ্দিন।


এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম বলেন, আমরা পঞ্চগড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবারের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। যারাই অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম