নিয়োগ ছাড়াই সরকারি ভূমি অফিসে বহিরাগত যুবকের দাপ্তরিক কাজ
২২ জুলাই, ২০২৬, 5:09 PM
NL24 News
২২ জুলাই, ২০২৬, 5:09 PM
নিয়োগ ছাড়াই সরকারি ভূমি অফিসে বহিরাগত যুবকের দাপ্তরিক কাজ
# রোহানের স্বীকারোক্তি
# হেল্পিং হ্যান্ড’ হিসেবে রাখার কথা বললেন কর্মকর্তা
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা–বিলাসবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে সরকারি কোনো নিয়োগ ছাড়াই এক বহিরাগত যুবকের নিয়মিত দাপ্তরিক কাজ করার ঘটনা প্রকাশ্যে এসেছে। সাংবাদিকদের উপস্থিতিতে ওই যুবককে সরকারি অফিসের ল্যাপটপে হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন দাপ্তরিক কাজ করতে দেখা যায়। পরে তিনি নিজেই স্বীকার করেন যে, তিনি সরকারি কোনো নিয়োগপ্রাপ্ত কর্মচারী নন। একই সঙ্গে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা জানান, অফিসের কাজের সহযোগিতার জন্য তিনি ওই যুবককে "হেল্পিং হ্যান্ড" হিসেবে কাজ করে।
রবিবার (১৯ জুলাই ২০২৬) তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিকরা বালুভরা–বিলাসবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে গেলে কর্মকর্তার কক্ষে রোহান নামে এক যুবককে সরকারি ল্যাপটপ ব্যবহার করে বিভিন্ন কাজ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের সামনেই তিনি অফিসের কম্পিউটারে হোল্ডিং ট্যাক্সসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন তথ্যের কাজ করছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহান জানান, তিনি সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী নন এবং তার নামে কোনো সরকারি নিয়োগও নেই। এরপরও তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত অফিসে এসে বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছেন বলে স্বীকার করেন।
পরে অফিস কক্ষের বাইরে থেকে কক্ষে আসেন বালুভরা–বিলাসবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আরও বলেন, রোহান আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। অফিসের কাজের সহযোগিতার জন্য তাকে রেখেছি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি নিয়োগ ছাড়া কোনো ব্যক্তি কীভাবে নিয়মিত সরকারি অফিসে অবস্থান করেন, সরকারি ল্যাপটপ ব্যবহার করেন এবং দাপ্তরিক কাজে অংশ নেন—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ভূমি অফিসের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে নাগরিকদের জমি, খতিয়ান, নামজারি, হোল্ডিং ট্যাক্সসহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এমন একটি প্রতিষ্ঠানে অননুমোদিত ব্যক্তির দাপ্তরিক কাজে সম্পৃক্ততা তথ্যের নিরাপত্তা ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলেছে।
ঘটনার বিষয়ে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন,বিষয়টি আমার জানা ছিল না। আমি দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।
এ ঘটনায় স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং সরকারি বিধি-বিধানের পরিপন্থী কোনো কার্যক্রম সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সরকারি অফিসে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ ও দাপ্তরিক কাজে সম্পৃক্ততার বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।