ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

নবীজির জীবনাচারে নম্রতা ও কোমলতা

#

১২ সেপ্টেম্বর, ২০২৪,  5:11 PM

news image

বিনয় ও নম্রতা মানব চরিত্রের মহৎ গুণ। অনন্য এই গুণের মাধ্যমে খুব সহজেই মানুষের ভালোবাসা অর্জন করা যায়। শত্রুকেও মুহূর্তে কাছে টানা যায় একটুখানি কোমলতার মাধ্যমে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন চারিত্রিক সব বৈশিষ্ট্যের আধার।

তাঁর বিনয় ও নম্রতার কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করছি।

ঘরের কাজে সহযোগিতা

সাহাবি আসওয়াদ (রা.) বলেন, আমি আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করলাম, নবী (সা.) ঘরে থাকা অবস্থায় কী করতেন? তিনি বলেন, ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন। অর্থাৎ পরিবারবর্গের সহায়তা করতেন। আর নামাজের সময় হলে নামাজের জন্য চলে যেতেন। (বুখারি, হাদিস : ৬৭৬)

নাগরিকদের সঙ্গে নম্রতা

রাষ্ট্রীয় নেতৃত্ব অর্জনের পরের ঘটনা। আবু মাস‌উদ (রা.) বর্ণনা করেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এলো। তিনি লোকটির সঙ্গে কথা বললেন। এ সময় তার কাঁধের গোশত (ভয়ে) কাঁপছিল।

তিনি তাকে বলেন, তুমি শান্ত হও, স্বাভাবিক হও। কারণ আমি কোনো রাজা-বাদশাহ নই, বরং আমি শুকনা গোশত খেয়ে জীবনধারিণী এক নারীর পুত্র। (ইবনে মাজাহ, হাদিস : ৩৩১২)

অন্যের মন্দ আচরণে হাসিমুখ

আনাস বিন মালিক (রা.) বলেন, একবার আমি রাসুল (সা.)-এর সঙ্গে পথে চলছিলাম। তখন তিনি নাজরানে প্রস্তুত মোটা পাড়ের চাদর পরিহিত অবস্থায় ছিলেন। এক বেদুইন তাঁকে পেয়ে খুব জোরে চাদর টান দিল।

অবশেষে আমি দেখলাম, জোরে টানার কারণে রাসুল (সা.)-এর কাঁধে চাদরের পাড়ের দাগ বসে গেছে। অতঃপর বেদুইন বলল, ‘আল্লাহর যে সম্পদ আপনার কাছে আছে, তা থেকে আমাকে কিছু দেওয়ার আদেশ দিন।’ আল্লাহর রাসুল (সা.) তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন, আর তাকে কিছু দেওয়ার আদেশ দিলেন। (বুখারি, হাদিস : ৩১৪৯)

অসহায়ের প্রতি সদয় আচরণ

অসহায় অভাবীর প্রতি নবীজির ভালোবাসা ছিল অতুলনীয়। আবু উমামা (রা.) বলেন, রাসুল (সা.) অসহায়-দুর্বলদের সঙ্গে গিয়ে তাদের প্রয়োজন পূরণ করে দিতেও অস্বীকৃতি জানাতেন না (এবং একে নিজের জন্য অসম্মানের মনে করতেন না)।

(আলমুজামুল কাবির, তবারানি, হাদিস : ৮১০৩)

সেবকের সঙ্গে নবীজির কোমলতা

আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ১০ বছর রাসুল (সা.)-এর সেবা করেছি। কিন্তু তিনি কখনো আমার প্রতি উহ্ শব্দটি করেননি। এ কথা জিজ্ঞেস করেননি, তুমি এ কাজ কেন করলে এবং কেন করলে না? (বুখারি, হাদিস : ৬০৩৮)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম