ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, 10:52 AM
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, 10:52 AM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক অজ্ঞাতপরিচয় নারী। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় একটি গাড়ির ধাক্কায় তিনি আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী ষোলঘর এলাকায় এক নারী সড়কের ওপর গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনো গাড়ির চাপায় ওই নারী গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার উভয় পা ভেঙে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটিও শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মতো দ্রুতগতির সড়ক পারাপারের সময় পথচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, অবশ্যই সেগুলো ব্যবহার করে রাস্তা পারাপার করতে হবে। সামান্য অসতর্কতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।