নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ, ২০২৩, 12:13 PM
ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) অংশ নেয়ার পর কাতারের দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মার্চ) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১২৬) সকাল ৮টায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা। হামাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। এ সময় কাতার সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ৫ থেকে ৯ মার্চ দোহায় অনুষ্ঠেয় সম্মেলনে বাংলাদেশ এলডিসি থেকে সহজ উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থন চান। সেখানে তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি কাতারের প্রতিপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। কাতারে অবস্থানকালে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনায় স্থান পায়। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় পদক্ষেপসহ স্বল্পোন্নত দেশগুলোতে কার্যকর প্রযুক্তির জন্য বেসরকারি খাতকে প্রণোদনা দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।