ট্রাম্পের এইচ-১বি ভিসার আবেদন ফির নিয়ম বাতিল করলেন আদালত
আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন, ২০২৬, 11:01 AM
আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন, ২০২৬, 11:01 AM
ট্রাম্পের এইচ-১বি ভিসার আবেদন ফির নিয়ম বাতিল করলেন আদালত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি কর্মভিসার জন্য এক লাখ ডলার ফি নির্ধারণ করেছিলেন। তবে দেশটির একটি জেলা আদালত সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। আদালতের মতে, বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগে মার্কিন প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই ভিসা ব্যবহার করে আসছে। এ ধরনের ভিসা ব্যবস্থায় নতুন আর্থিক শর্ত আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। জেলা আদালতের বিচারক রায়ে বলেন, অভিবাসনসংক্রান্ত এমন নীতি নির্ধারণের ক্ষমতা কেবল কংগ্রেসের। তিনি আরও উল্লেখ করেন, এই ফি কার্যত একটি করের মতো এবং এইচ-১বি ভিসার ওপর কর আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই। গতকাল সোমবার দেওয়া ৪২ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, প্রশাসনের এ পদক্ষেপ আইনসম্মত নয়। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রয়োজনের তুলনায় বেশি এইচ-১বি ভিসা ব্যবহার করছে। এতে বিদেশি দক্ষ কর্মীর সংখ্যা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিছু ক্ষেত্রে চাকরির সুযোগ হারাচ্ছেন। সেই যুক্তিতে ভিসার ওপর অতিরিক্ত ফি আরোপ করা হয়েছিল। গত বছর এ সিদ্ধান্ত ঘোষণার পর কয়েকটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তারা আদালতে চ্যালেঞ্জ জানান। এইচ-১বি ভিসার মাধ্যমে উচ্চশিক্ষিত ও বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট পেশায় কাজের সুযোগ পেতেন। এ ভিসার জন্য সাধারণত স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়। ভিসাটির মেয়াদ তিন বছর, যা পরে আরও তিন বছরের জন্য নবায়ন করা যায়।