একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, 2:34 PM
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, 2:34 PM
একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি ও সংশোধিত প্রকল্প ২টি। সভায় অনুমোদিত ৫টি প্রকল্প হলো- প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘Supporting Infrastructure Project for Chinese Economic and Industrial Zone’ প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ প্রকল্প ও পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন)’ প্রকল্প, এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় ১ (এক) টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প। ২০২৫-২৬ অর্থবছরের ১৩তম ও বর্তমান সরকারের ৫ম একনেক সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।