আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে, ২০২৬, 11:17 AM
উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৫৬
ভারতের উত্তর প্রদেশে প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। বুধবারের এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চান্দাউলি, সোনভদ্র ও বদাউঁ জেলায়। সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, প্রয়াগরাজ ও ভাদোহিতে ১৬ জন করে নিহত হয়েছেন। এ ছাড়া ফতেহপুরে ৯ জন, বদাউঁয়ে ৫ জন, উন্নাওয়ে ৪ জন, কানপুর দেহাতে ৩ জন, চান্দাউলিতে ২ জন এবং সোনভদ্রে ১ জনের মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত পুরো রাজ্যে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে সহায়তা পৌঁছাতে জেলা প্রশাসনকে সক্রিয় থাকতে বলা হয়েছে। পাশাপাশি সব জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্গত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ ও বীমা কোম্পানিগুলোকে জরিপ চালিয়ে দ্রুত প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। এরপর দ্রুত ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শুরু য়া শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।