ইইউতে চ্যাটজিপিটির লেখায় অদৃশ্য জলছাপ আনবে ওপেনএআই
আইটি ডেস্ক
০৭ অক্টোবর, ২০২৬, 11:10 AM
আইটি ডেস্ক
০৭ অক্টোবর, ২০২৬, 11:10 AM
ইইউতে চ্যাটজিপিটির লেখায় অদৃশ্য জলছাপ আনবে ওপেনএআই
কোনো লেখা চ্যাটজিপিটি দিয়ে তৈরি কি না, তা বুঝতে সাহায্য করবে এমন গোপন সংকেত যুক্ত করবে ওপেনএআই। এই সংকেতকে বলা হচ্ছে ‘অদৃশ্য জলছাপ’। আগামী কয়েক সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নে চ্যাটজিপিটি ও কোডেক্সের তৈরি লেখায় এটি চালু হবে।
এই জলছাপ চোখে দেখা যাবে না। ‘টেক্সটগ্রেইন’ নামের প্রযুক্তিটি লেখার শব্দ বাছাইয়ে বিশেষ ধরন রাখবে। শনাক্ত করার আলাদা প্রযুক্তি সেই ধরন খুঁজে বুঝতে চেষ্টা করবে, লেখাটিতে ওপেনএআইয়ের জলছাপ আছে কি না।
সোমবার এক ব্লগপোস্টে ওপেনএআই জানায়, ইউরোপীয় ইউনিয়নের এআই আইনের শর্ত পূরণে এই উদ্যোগ। ওই আইন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি লেখা বা অন্য উপাদান শনাক্ত করার ব্যবস্থা থাকতে হবে।
নিজেদের সফটওয়্যারে ওপেনএআইয়ের সেবা যুক্ত করেন, এমন গ্রাহকেরাও বিশ্বজুড়ে নির্দিষ্ট এআই মডেলে সুবিধাটি চালু করতে পারবেন। তবে তাদের জন্য এটি আগে থেকে চালু থাকবে না।
প্রতিষ্ঠানটির দাবি, পরীক্ষায় প্রযুক্তিটি গুগলের সিন্থআইডিসহ অন্য পদ্ধতির সমান বা ভালো ফল দিয়েছে। মনোবিজ্ঞানের মতো কিছু বিষয়ে তুলনামূলক দীর্ঘ লেখায় প্রায় ৯৫ শতাংশ জলছাপ শনাক্ত হয়েছে। গণিতের লেখায় ফল ততটা ধারাবাহিক ছিল না।
তবে শব্দ বদলালে সংকেত শনাক্ত করা কঠিন হয়। একটি পরীক্ষায় লেখার ১০ শতাংশ শব্দ একই অর্থের অন্য শব্দ দিয়ে বদলানো হয়। এতে শনাক্তের হার প্রায় ৯২ থেকে ৬৬ শতাংশে নামে। ২৫ শতাংশ শব্দ বদলালে তা হয় ১৭ শতাংশ।
ওপেনএআই বলেছে, এই সংকেত পাওয়া মানে লেখা তৈরিতে তাদের প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত পাওয়া। মানুষ লেখাটিতে কতটা কাজ করেছেন বা লেখার মালিক কে, তা এটি বলতে পারবে না। তাই একে লেখকত্বের প্রমাণ ধরা যাবে না।
শনাক্তকারী প্রযুক্তিটি পরীক্ষার জন্য গবেষক ও বিশেষজ্ঞ সংস্থার আবেদন নিচ্ছে ওপেনএআই। মূল প্রযুক্তিটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করারও পরিকল্পনা রয়েছে।