ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৬,  2:11 PM

news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটিকে সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে বাংলাদেশ ভারত থেকে ইতিবাচক ফলাফল আসার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। 

আজ বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি একটা প্রশ্ন পেয়েছি, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ওপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। তবে এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি।’

এমন গুজব যারা ছড়াচ্ছেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যে গুজব কানে আসেনি, সে বিষয়কে আমরা এখন পর্যন্ত আমলে নিতে চাচ্ছি না।’

বাংলাদেশের সঙ্গে ভারতের এই মুহূর্তে সম্পর্কটা কেমন যাচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন- দুই দেশের এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহী অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য।’

অনুষ্ঠানে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে জানান জহির উদ্দিন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ চলমান নতুন ইকোসিস্টেমে প্রতিদিন যে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, পুরনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতায় তা মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের কর্তব্য।’

তথ্যমন্ত্রী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য যেমন এক বড় আশীর্বাদ, তেমনি এটি নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন কিছু চ্যালেঞ্জ। প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামীকালের পরিস্থিতি কী দাঁড়াবে তা আগে থেকে ধারণা করা মুশকিল।’

তিনি বলেন, ‘জ্ঞান এখন আর নির্দিষ্ট বা স্থির কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে- এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার জৈবিক ও সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপে প্রমাণ করেছেন যে তিনি তরুণ সমাজের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করছে।’

‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি অতিথিবৃন্দ এবং ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম