NL24 News
২৭ জানুয়ারি, ২০২৬, 11:07 AM
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬ উপলক্ষ্যে বরগুনায় সনাকের মানববন্ধন
নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে কার্যকর পদক্ষেপের দাবি
মোঃ সোহানুর রহমান সৈকত: আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস–২০২৬ উপলক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে সচেতনতা তৈরির লক্ষ্যে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনা। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতের দাবি জানানো হয়। মানববন্ধনে সনাক বরগুনার সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানিতে কার্যকর রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের বিবেচনার জন্য লিখিত সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— রাজনৈতিক দলসমূহকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করে জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধির অঙ্গীকার গ্রহণ; খসড়া ‘এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান (ইপিএসএমপি) ২০২৫’ চূড়ান্ত করার আগে নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বচ্ছ জাতীয় পরামর্শ আয়োজন; ২০৫০ সালের মধ্যে ‘নেট-জিরো’ লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানি খাতে স্বার্থের দ্বন্দ্বমুক্ত নীতি প্রণয়ন এবং একটি স্বাধীন তদারকি কর্তৃপক্ষ গঠন। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে স্বশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর, গবেষণা ও উন্নয়নে তহবিল বরাদ্দ, দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন, নেট মিটারিং সহজীকরণ, ফিড-ইন ট্যারিফ কার্যকর এবং পরিবেশ ছাড়পত্র ও চুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মানববন্ধনে বক্তৃতায় অ্যাডভোকেট মো. আনিসুর রহমান বলেন, “নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের প্রধান ভিত্তি। সৌর, বায়ু ও জলবিদ্যুৎসহ নবায়নযোগ্য উৎস আমাদের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও সুশাসিত রূপান্তর এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে নীতি-স্পষ্টতা, বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে টিআইবি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি হাজী মো. হারুনর রশীদ, সনাক সদস্য হামিদা বেগম ও মনির হোসেন কামাল। কর্মসূচিতে সনাক, অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সক্রিয় অংশগ্রহণে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয় এবং টিআইবি’র ধারণাপত্র বিতরণ করা হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ মোট ৭২ জন অংশগ্রহণকারী আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসের তাৎপর্য ও করণীয় সম্পর্কে অবহিত হন।